Friday, 19 June 2020

আদ্যাশক্তির বিভিন্ন বিভূতিঃ-


শ্রীমার্কণ্ডেয়পুরাণের দেবীমাহাত্ম্য শ্রীশ্রী চন্ডীতে শুম্ভবধো নাম দশমোঽধ্যায়ে বর্ণিত আছে- ভ্রাতা নিশুম্ভকে নিহত আর সৈন্যবলও বিনষ্টপ্রায় দেখিয়া শুম্ভাসুর ক্রোধভরে বলিল-হে বলগর্বে উদ্ধতা দুর্গা, তুমি গর্ব করিও না। কারণ অতিগর্বিতা হইয়াও তুমি অন্যান্য দেবীর শক্তিবল আশ্রয় করিয়াই যুদ্ধ করিতেছ। তখন-
দেব্যুবাচ .. ৪..
একৈবাহং জগত্যত্র দ্বিতীয়া কা মমাপরা ।
পশ্যৈতা দুষ্ট ময্যেব বিশন্ত্যো মদ্বিভূতয়ঃ ।।৫

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ-চন্ডিকা দেবী বলিলেন- 'এই জগতে একামাত্র আমিই বিরাজিতা। মদ্ব্যতিরিক্ত আমার সহায়ভূতা অন্যা দ্বিতীয়া আর কে আছে? ওরে দুষ্ট ভাল করে দেখ্, ব্রহ্মাণী প্রমুখ দেবী আমারই অভিন্না বিভূতি বা শক্তি। এই দেখ্ উহারা আমাতেই বিলীন হইতেছে।'৪-৫
ততঃ সমস্তাস্তা দেব্যো ব্রহ্মাণীপ্রমুখা লয়ম্ ।
তস্যা দেব্যাস্তনৌ জগ্মুরেকৈবাসীতদাম্বিকা ।। ৬।।

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ- মেধা ঋষি বলিলেন-'অনন্তর ব্রহ্মাণীপ্রমূখ অষ্টমাতৃকা চন্ডিকাদেবীর শরীরে বিলীনা হইলেন। কারণ তাঁহারা আদ্যাশক্তি হইতে অভিন্ন। তখন চন্ডিকা একাকিনীই রহিলেন।'৬

ডামর তন্ত্রানুসারে ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, নারসিংহী, ঐন্দ্রী, চামুণ্ডা-ইঁহারা অষ্টমাতৃকা।

শ্রীমার্কণ্ডেয়পুরাণের দেবীমাহাত্ম্য শ্রীশ্রী চন্ডীতে দেব্যাদূতসংবাদো নাম পঞ্চমোঽধ্যায়ে বর্ণিত আছে-
শরীরকোশাদ্যত্তস্যাঃ পার্বত্যা নিঃসৃতাম্বিকা .
কৌশিকীতি সমস্তেষু ততো লোকেষু গীয়তে .. ৮৭..
তস্যাং বিনির্গতায়াং তু কৃষ্ণাভূত্সাপি পার্বতী .
কালিকেতি সমাখ্যাতা হিমাচলকৃতাশ্রয়া .. ৮৮..

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ-সেই পার্বতী দেবীর দেহ-কোষ হইতে অম্বিকা উৎপন্ন হইয়াছেন বলিয়া ত্রিজগতে তিনি কৌশিকী নামে অভিহিতা।৮৭
কৌশিকী দেবীর নির্গমনের পর পার্বতী দেবীও কৃষ্ণাবর্ণা হইয়া নিখিল দেবস্থান হিমালয়ে অধিষ্ঠান করিয়া কালিকা নামে প্রসিদ্ধা হইলেন।৮৮

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.