Friday, 19 June 2020

বিশ্বেশ্বর্যাদি সূক্ত বা তান্ত্রিক রাত্রিসূক্তঃ-


বিশ্বেশ্বর্যাদি সূক্ত ব্রহ্মা কর্তৃক দৃষ্ট। উহাতে কালরাত্রি মোহরাত্রি আদি শব্দের উল্লেখ থাকায় উহাকে তান্ত্রিক রাত্রিসূক্ত বলে। লক্ষ্মীতন্ত্রে বর্ণিত আছে-'বিশ্বশ্বরী ইত্যাদি সূক্ত তখন ব্রহ্মা কর্তৃক দৃষ্ট হয়। ইন্দ্রের ন্যায় ব্রহ্মাও দেবী যোগনিদ্রার স্তব করিয়াছিলেন। সকল প্রাণীর কল্যাণের নিমিত্ত ব্রহ্মবাদিগণ এই দেবীর আবির্ভাব, চরিত্র ও স্তোত্র বিধান করেন।'
শ্রীমার্কণ্ডেয়পুরাণে দেবীমাহাত্ম্য শ্রীশ্রীচণ্ডীর মধুকৈটভবধো নাম প্রথমোঽধ্যায়ে বর্ণিত আছে-
ॐ বিশ্বেশ্বরীং জগদ্ধাত্রীং স্থিতিসংহারকারিণীম্ .
নিদ্রাং ভগবতীং বিষ্ণোরতুলাং তেজসঃ প্রভুঃ .. ৭১..

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ- ভগবান বিষ্ণুর জাগরণের নিমিত্ত তেজঃস্বরূপ বিষ্ণুর নয়নাশ্রিতা অতুলা তামসী শক্তি বিশ্বেশ্বরী, জগদ্ধাত্রী, স্থিতি-সংহারকারিণী, ভগবতী সেই যোগনিদ্রার স্তব করিতে লাগিলেন।
ব্যাখ্যাঃ-প্রথম চরিত্রের দেবতা তমোগুণ-প্রধানা মহাকালীই যোগনিদ্রা। ইনিই মহামায়া। গুপ্তবতীটীকা মতে চণ্ডীর তিনটি মাহাত্ম্যে দেবীর তিনটি বিভিন্নস্বরূপ বর্ণিত হইলেও ইঁহারা এক মহামায়ারই পৃথক প্রকাশ মাত্র।
ব্রহ্মোবাচ .. ৭২..
ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষট্কারঃ স্বরাত্মিকা । ৭৩
সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা ।।

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ-ব্রহ্মা বলিলেন- নিত্যে, অক্ষরে, আপনিই দেবদ্দেশ্যে হবির্দানের স্বাহামন্ত্ররূপা। আপনিই পিতৃলোকের উদ্দেশ্যে দ্রব্যদানের স্বধামন্ত্ররূপা।আপনিই দেবাহ্বানের বষট্মন্ত্রস্বরূপা ও উদাত্তাদিস্বররূপা। আপনিই অমৃতরূপা এবং অ-উ-ম ত্রিবিধ মাত্রারূপে অবস্থিতা প্রণবরূপা।
অর্ধমাত্রা স্থিতা নিত্যা যানুচ্চার্যা বিশেষতঃ । ৭৪
ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবজননী পরা ।।

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ-বিশেষরূপে যাহা অনুচ্চার্যা নির্গুণা বা তুরীয়া, তাহাও আপনি। হে দেবী, আপনি গায়ত্রিমন্ত্ররূপা এবং পরিণামহীনা শ্রেষ্ঠা শক্তি ও দেবগণের আদি মাতা।
ত্বয়ৈব ধার্যতে সর্বং ত্বয়ৈতৎ সৃজ্যতে জগৎ । ৭৫
ত্বয়ৈতৎ পাল্যতে দেবি ত্বমৎস্যন্তে চ সর্বদা ।।

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ-হে দেবী, আপনিই এই জগৎ ধারণ করিয়া রহিয়াছেন। আপনি এই জগৎ সৃষ্টি করেন, আপনিই ইহা পালন করেন এবং সর্বদা প্রলয়কালে আপনিই ইহা সংহার করেন।
বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে । ৭৬
তথা সংহৃতিরূপান্তে জগতোঽস্য জগন্ময়ে ।।

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ-হে জগৎস্বরূপা, আপনি এই জগতের সৃষ্টিকালে সৃষ্টিশক্তিস্বরূপা, পালনকালে স্থিতিশক্তিস্বরূপা এবং প্রলয়কালে সংহারশক্তিস্বরূপা।
মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতিঃ । ৭৭
মহামোহা চ ভবতী মহাদেবী মহাসুরী ।।

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ-আপনি মহাবাক্যলক্ষণা ব্রহ্মবিদ্যা ও সংসৃতিকর্ত্রী মহামায়া। আপনি মহতী মেধা (ধারণা), মহতী স্মৃতি ও মহামোহ। আপনি মহতী দেবশক্তি এবং মহতী অসুরশক্তি।
প্রকৃতিস্ত্বং হি সর্বস্য গুণত্রয়বিভাবিনী । ৭৮
কালরাত্রির্মহারাত্রির্মোহরাত্রিশ্চ দারুণা ।।

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ-আপনিই সর্বভূতের প্রকৃতি ও ত্রিগুণের পরিণাম বিধায়িনী। আপনি কালরাত্রি (যাহাতে ব্রহ্মার লয় হয়) ও মহারাত্রি (যাহাতে জগতের লয় হয়)। আপনি দুষ্পরিহারা মহামোহনিশা বা মানুষী রাত্রি (যাহাতে জীবের নিত্য লয় হয়)।
ত্বং শ্রীস্ত্বমীশ্বরী ত্বং হ্রীস্ত্বং বুদ্ধির্বোধলক্ষণা । ৭৯
লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্ত্বং শান্তিঃ ক্ষান্তিরেব চ ।।

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ-আপনি লক্ষ্মী, আপনি ঈশ্বরশক্তি, আপনি হ্রী, আপনি নিশ্চয়াত্মিকা বুদ্ধি। আপনি লজ্জা, পুষ্টি এবং তুষ্টি। আপনিই শান্তি ও ক্ষান্তি।
খড়্গিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা । ৮০
শঙ্খিনী চাপিনী বাণভুসণ্ডীপরিঘায়ুধা ।।

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ-আপনি খড়্গধারিণী, ত্রিশূলধারিণী, (এক হস্ত নরশির ধারণে) ভয়ঙ্করী, গদাধারিণী, চক্রধারিণী, শঙ্খধারিণী, ধনুর্ধারিণী এবং বাণ, ভূশণ্ডী ও পরিঘাস্ত্রধারিণী।
সৌম্যাসৌম্যতরাশেষসৌম্যেভ্যস্ত্বতিসুন্দরী । ৮১
পরা পরাণাং পরমা ত্বমেব পরমেশ্বরী ।।

নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ-আপনি দেবগণের প্রতি সৌম্যা এবং দৈত্যগণের প্রতি ততোধিক রুদ্রা। আপনি সকল সুন্দর বস্তু অপেক্ষাও সুন্দরী। আপনি ব্রহ্মাদিরও শ্রেষ্ঠ। আপনি সর্বপ্রধানা দেবী এবং পরমেশ্বরের মহাশক্তি।
যচ্চ কিঞ্চিত্ক্বচিদ্বস্তু সদসদ্বাখিলাত্মিকে .
তস্য সর্বস্য যা শক্তিঃ সা ত্বং কিং স্তূয়সে ময়া .. ৮২..


নাগোজীভট্টের টীকানুসারে বঙ্গানুবাদঃ- হে বিশ্বরূপিণী, যেকোনও স্থানে যাহা কিছু চেতন বা জড় বস্তু অতীতে ছিলে, বর্তমানে আছে এবং ভবিষ্যতে হইবে সেই সকলের যে শক্তি, তাহা আপনিই। সুতরাং কিরূপে আপনার স্তব করিব?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.